
আজকালের কন্ঠ ডেস্ক : গাঁজা তো কিনে সেবন করতে হয়। যদি গাছই লাগানো যায়! এতে নিজের চাহিদা যেমন পূরণ হবে তেমনি বিক্রি করে বাড়তি আয় করা যাবে। দিনাজপুরের ঘোড়াঘাটে এমন পরিকল্পনা থেকেই বাড়ির আঙিনার পাশে বাঁশের চাটাই দিয়ে চারপাশে বেড়া তৈরি করে গাঁজার চাষ করেন বীরবল (৪০) নামের এক ব্যক্তি। এ খবর জানতে পেরে পুলিশ অভিযান চালায় তার বাড়িতে।
গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছের মালিকসহ গ্রেপ্তার করা হয় আরও তিনজনকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্তাকর্তা (ওসি) আসাদুজ্জামান।
তিনি জানান, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বীরবল নামের ওই ব্যক্তি নিজের বাড়ির আঙিনাতেই সযত্নে রোপণ করেছিলেন গাঁজার গাছ। তিনি নিজেও একজন গাঁজা সেবনকারী। বাইরে থেকে কিনতে গেলে খরচ বেশি হয়। তাই নিজেই বীজ রোপণ করেছিলেন। এ ছাড়াও তিনি নিজের গাছের গাঁজা বিক্রি করে অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিলেন। বিক্রিও শুরু করেছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক মেহেদী হাসান ও অরুপ কুমার রায়সহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। সেসময় ১৩ কেজি ওজনের ১১ ফিট লম্বা গাঁজার গাছ ও ৭০ গ্রাম গাঁজাসহ গাঁজা সেবনের সামগ্রী উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :