করোনায় ডা. ফিরোজার মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক | Daily AjKaler Kontho

করোনায় ডা. ফিরোজার মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২০, ৮:০২ অপরাহ্ন
করোনায় ডা. ফিরোজার মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. ফিরোজা বানু মিনু। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. ফিরোজা বানুর স্বামী ডা. শফিকুর রহমান রুনুও করোনায় আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমান রুনুর অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. ফিরোজা বানু মিনু রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু চক্ষু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট। তিনিও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৫১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।