
আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এবং মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী একসঙ্গে বসেছি বলে অনেকেরই গাত্রদাহ হচ্ছে। অনেকের গা জ্বলছে, এটা তারা মেনে নিতে পারছে না।
বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তি আর তথাকথিত অতিবাম- অতিডানদের গাত্রদাহের অভাব নেই। এসব আমি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আর যদি ভাই বোন একসাথে বসছি এই কারণে তার শাড়ী আচল ধরে টান দিয়ে রাস্তায় ফেলে দিবেন মনে করে থাকেন তবে ভুল করবেন। সবার আগে তার ভাই শামীম ওসামান আইভীর সামনে গিয়ে দাড়াবে। আঁচল ধরে টান দেয়ার ক্ষমতা আপনাদের থাকবেনা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হকারদের উদ্দেশ্যে করে শামীম ওসমান বলেন, কেউ আপনাদের উস্কানি দিবে। আপনাদের ব্যবহার করে কেউ কেউ ফায়দা নেয়ার চেষ্টা করবে। আমি মেয়র আইভীর সাথে কথা বলেছি, আপনাদের কি ভাবে পুর্ণবাসন করা যায় সে বিষরেয় চিন্তা করছি। আপনারা র্ধৈয্য ধরুন। আমি ওমরা হজ্জ থেকে এসে আপনাদের বিষয়ে কাজ করবো। আর উচ্ছিষ্ট বামেরা আপনাদের নিয়ে খেলবে, কিন্তু সমস্যা সমাধান করবে না। আমি গরীবের পক্ষে আছি। আমি দেখেছি হকারেরা বিনা পয়সায় বসে না। তারা চাঁদা দেয়। এই টাকা আমরা কিংবা সিটি করপোরেশনও পায় না৷ কিছু চাঁদাবাজ পায় এই টাকা। এসব তো প্রতিদিন চলতে পারে না। আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্দ্ব করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন। আপনাদের পরিবারের জন্য দোয়া করবো। আমি প্রতিদিনই করি। কারণ আপনাদের আমি ভালোবাসি।
তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর নামে শপথ করে বলছি, আপনাদের সবার চেহারা আমার চোখের সামনে নিয়ে এসে সবার জন্য দোয়া করবো। শরীরটা ভালো না। আল্লাহর ঘরে যাচ্ছি। যদি ভুলত্রুটি হয়ে থাকে, যদি না আসি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন৷
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :