
আজকালের কন্ঠ ডেস্ক : বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজবাড়ীর নিখোঁজ আবু তালহা ও চন্দ্রিমা চৌধুরী সৌমির (২৮) মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিবারের কাছে আজ তাদের মরদেহ হস্তান্তর করবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মৃত আবু তালহার বাবা আব্দুল হক ও চন্দ্রিমা চৌধুরী সৌমির চাচা অতনু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি ওই ঘটনায় নিখোঁজ এলিনা ইয়াসমিনের মরদেহ শনাক্ত করা হয় বলে জানান তার চাচা নজরুল ইসলাম ।
মৃত আবু তালহা রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের আবদুল হক মন্ডলের ছেলে ও চন্দ্রিমা চৌধুরী সৌমি রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চিত্তরঞ্জন প্রামাণিকের মেয়ে। আবু তালহা সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আর চন্দ্রিমা ঢাকার একটি বেসরকারি বিদ্যালয়ের ফার্মাসিস্ট বিভাগে পড়াশোনা করতেন।
মৃত চন্দ্রিমা চৌধুরী সৌমির চাচা অতনু বলেন, ঢাকা মেডিকেল থেকে আমাদের গতকাল রাতে ফোন দিয়ে জানিয়েছে যে ডিএনএ টেস্টে সৌমির মরদেহ শনাক্ত করা হয়েছে। আজ আমরা পরিবারের লোকজন গিয়ে ঢাকা মেডিকেল থেকে সৌমির মরদেহ নিয়ে আসব।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাতে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এলিনা ইয়াসমিন, চন্দ্রিমা চৌধুরী ওরফে সৌমি (২৮) ও আবু তালহা (২৮) নিখোঁজ ছিলেন।
আপনার মতামত লিখুন :