নেত্রকোণা পূর্বধলায় নদী খননে দূর হতে যাচ্ছে জনদুর্ভোগঃ ঘটবে কৃষি বিপ্লব তাই স্থানীয়দের আশা | Daily AjKaler Kontho

নেত্রকোণা পূর্বধলায় নদী খননে দূর হতে যাচ্ছে জনদুর্ভোগঃ ঘটবে কৃষি বিপ্লব তাই স্থানীয়দের আশা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৫:৩১ অপরাহ্ন
নেত্রকোণা পূর্বধলায় নদী খননে দূর হতে যাচ্ছে জনদুর্ভোগঃ ঘটবে কৃষি বিপ্লব তাই স্থানীয়দের আশা

নেত্রকোণা প্রতিনিধি : কালিহর নদীটি খনন কাজ সম্পন্ন হলে ঘুচবে মানুষের দুর্ভোগ কৃষিখাতেও ঘটবে বৈপ্লবিক পরিবর্তন।

এমনটাই আশা করছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নসহ আশপাশ এলাকার স্থানীয় বাসিন্দারা। নদীটি খননের দীর্ঘদিনের দাবি ছিলো স্থানীয় এলাকাবাসীর।

নদীর নাব্যতা না থাকায় হতে হতো তাদের জলাবদ্ধতাসহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। অবশেষে ২৪ কিলোমিটার নদীর খনন কাজ শুরু হওয়ায় হাসি ফুটেছে জেলে, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মুখে।

গ্রামবাসী বলছেন, নদী খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে। নদীতে দেশীয় প্রজাতির মাছ হবে তাতে বাড়বে মৎস্য উৎপাদন, কৃষি কাজে সেচ ব্যবস্থা সুবিধা হবে যদি খনন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়ারী গ্রামে স্ল্যুইজ গেট এলাকায় দশটি এস্কেভেটর মেশিন নিয়ে কালিহর নদী খনন উদ্বোধন করেছেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান।

১৬ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে ২৪ কি.মি নদী খনন কাজের বাস্তবায়ন করতে যাচ্ছে মিজানুর রহমান এবং আবুল কালাম আজাদ জেবি নামে ঠিকাদারি একটি প্রতিষ্ঠান।

নদী খনন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মাজহারুল ইসলাম রানা, ঠিকাদার সাব্বির খান প্রিন্সসহ সংশ্লিষ্টরা।