গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
গাঁজা ও বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলে করে মাদক বহনকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা হতে ২ কেজি গাঁজা, দুই বোতল বিদেশী মদ, ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্হিতি টের পেয়ে ধৃত আসামি পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে থাকা ২ কেজি গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও বাড়ির ভেতরে থাকা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম শামীম (৩৩)। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।