ট্রেনের টিকেট কালোবাজারি বিরোধী অভিযান | Daily AjKaler Kontho

ট্রেনের টিকেট কালোবাজারি বিরোধী অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন
ট্রেনের টিকেট কালোবাজারি বিরোধী অভিযান

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেনের টিকেট কালোবাজারি বিরোধী অভিযান চালিয়ে টিকেট ও টিকেট বিক্রির নগদ অর্থ সহ দুই জন টিকেট কালোবাজারিকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম জানান,মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ে থানা পুলিশের টিকেট কালোবাজারি বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালীন সময়ে আন্তঃনগর ট্রেনের কয়েকটি টিকেট ও টিকেট বিক্রির নগদ অর্থ সহ দুই জন টিকেট কালোবাজারিকে হাতনাতে গ্রেফতার করা হয়।

এ সময় আরো কয়েক জন টিকেট কালোবাজারি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত টিকেট কালোবাজারিদের মধ্যে রয়েছেন মোঃ খলিল (৩০) পিতা মোঃ কালু মিয়া সাং সাহেবপাড়া,পার্বতীপুর,দিনাজপুর ও মোঃ সাদ্দাম হোসেন (৩২) পিতা মোঃ আবু জাকের সাং বাবুপাড়া, পার্বতীপুর,দিনাজপুর। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।