হ্যাপি রোজ ডে | Daily AjKaler Kontho

হ্যাপি রোজ ডে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন
হ্যাপি রোজ ডে

লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসার সপ্তাহটি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবসের মাধ্যমে শুরু হয়। সারা বছর ঘুরে এই একটি দিনই রোজ ডে হিসেবে পালিত হচ্ছে বিশ্বব্যাপী। আর তারই সঙ্গে আজ থেকে শুরু হয়ে গেলো ভালোবাসার সপ্তাহ। গোলাপ দিবস উদযাপন করার কারণ হলো, গোলাপকে ভালোবাসার একটি চিহ্ন হিসেবে ধরা হয়। গোলাপ দিবসে কেবল প্রেমিক-প্রমিকারাই তাদের সঙ্গীকে ফুল দেন না, যে কেউ তার প্রিয় মানুষটাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। গোলাপ হলো ভালোবাসার ফুল। এই ফুল হৃদয়ের আবেগকে প্রিয়জনের কাছে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারে। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে।

রোজ ডে’র ইতিহাস ঘেটে জানা যায়, এই দিবসটির নামকরণ করেছেন রানি আলেকজান্দ্রা। তার ৫০তম বিবাহবার্ষিকীতে লন্ডনে এলে সেখানকার অধিবাসীরা হাজার হাজার গোলাপ দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। এতো গোলাপ দেখে তিনি অবাক হয়ে যান। তখনই তিনি সিদ্ধান্ত নেন গোলাপ বিক্রি করে সেই টাকা দিয়ে দরিদ্র, অসুস্থ মানুষের জন্য সেবা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। এভাবেই গোলাপ দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পালন হয় ‘রোজ ডে’। সেখান থেকেই প্রিয়জনকে খুশি করতে গোলাপ দেওয়ার প্রচলন হয়।

ভালোবাসার প্রতীক গোলাপ। যেকোনো অনুষ্ঠানে গোলাপ ফুল একটি চমৎকার উপহার হিসেবে কাজ করে। গোলাপ ফুল প্রেম, আবেগ এবং প্রশংসার সাথে যুক্ত। এই আবেগগুলি প্রকাশ করার জন্য নিখুঁত একটি উপায় একগুচ্ছ গোলাপ ফুল। এটি এমন একটি ফুল যা মানুষকে ভালবাসার দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে।

কথিত আছে, গোলাপের সংখ্যাও নাকি অনেক অর্থ বহন করে। যেমন, শুধুমাত্র একটি গোলাপ কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানোর টোকেন হিসাবে বিবেচনা করা হয়। আবার দুইটি গোলাপ বিয়ের প্রস্তাব হিসাবে ব্যবহার করা হয়। তবে আপনি যদি লাল এবং সাদা গোলাপ ব্যবহার করেন তবে এটি শান্তির বার্তা বহন করে। একসাথে ছয়টি গোলাপ ভালবাসার প্রয়োজন অর্থে ব্যবহার হয়। যদি কাউকে সত্যিকারের এবং গভীরভাবে ভালোবেসে থাকেন তাহলে নির্দ্বিধায় তাকে ১১টি গোলাপ উপহার দিয়ে ফেলুন। তরুণদের মাঝে আজকাল ক্রাশ নামক একটি ট্রেন্ড আছে। যদি কেউ আপনার ক্রাশ হয়ে থাকে তাহলে তাকে উপহার দিন তেরোটি গোলাপ। এর অর্থ আপনি তার একজন গোপন ভক্ত।

যেমন- সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। আবার ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা। কমলা গোলাপ আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়।