
আজকালের কন্ঠ ডেস্ক : রংপুরে চালু হয়েছে সিটি বাস সার্ভিস। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সিও বাজারে বিআরটিসির দুটি বাস চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান সিটি বাস সার্ভিসের উদ্বোধন করেন। এসময় পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, রংপুরে সিটি বাস সার্ভিস মহানগরবাসীর অত্যাবশ্যকীয় অংশ। বাস পরিবহনে শুধু অর্থ আয় দেখলে হবে না। সেই সঙ্গে সেবাটিও নিশ্চিত করতে হবে। হাইওয়ে সড়কে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইজি বাইক চার্জার রিকশা বা অটো চলাচল নিষিদ্ধ। তবুও মেট্রোপলিটন পুলিশ সহনীয় আচরণ করছে।
বিআরটিসি রংপুর ডিপো সূত্রে জানা গেছে, সিটি বাস সার্ভিস নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, বাস টার্মিনাল, শাপলা, তাজহাট ও সাতমাথা রুটে চলাচল করবে। এসব স্থানে টিকিট কাউন্টার থাকবে ও যাত্রী ওঠানামা করবে। সীমিত টিকেট মূল্যে যাত্রীরা এই সেবা গ্রহণ করবেন। সিটি বাসে ৪৫ জন যাত্রী বসতে পারবেন। এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য হাফ টিকেট, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। পরে অতিথিরা ফিতা কেটে সিটি বাস সার্ভিস উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :