নিবন্ধন না থাকায় ডাক্তারকে জরিমানা | Daily AjKaler Kontho

নিবন্ধন না থাকায় ডাক্তারকে জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন
নিবন্ধন না থাকায় ডাক্তারকে জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া শিখা রানী দেবী (৩৭) নামের এক ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো: শিহাবুল আরিফ। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশ বিভাগের সদস্যরা।

ডা. ওয়ালী উল্লাহ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসাসেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি’র নিবন্ধিত থাকতে হয়, শিখা রানী দেবী বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগী দেখছেন এবং রোগিদের ডাক্তার সম্বলিত সীল ব্যবহার করে ব্যবস্থ্যপত্র দিচ্ছেন। এজন্য তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।