চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা | Daily AjKaler Kontho

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে তীব্র এই শীতে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারিক সূত্রে জানা যায়, লামিয়া শীতের কারণে গত এক সপ্তাহ ধরে গোসল না করায় মঙ্গলবার সকালে তার মা গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সাথে রাগারাগি করে। এর কিছুক্ষণ পর লামিয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।