অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট | Daily AjKaler Kontho

অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

আজকালের কন্ঠ ডেস্ক : বরগুনার সকল রুটে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছগীরের ওপর হামলার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু।

গোলাম মোস্তফা কিসলু জানান, একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে লোকজন নিয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন স্ত্রী সন্তানের সামনে ছগীরের ওপর হামলা চালায়।

এ সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

তবে এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে বরগুনা পৌর বাস টার্মিনালে মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলার সময় সংগঠনটির অফিসও ভাঙচুর করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদকের ওপর হামলার কারণে সোমবার সকাল থেকে জেলার সকল সড়কে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রয়েছে।