ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক | Daily AjKaler Kontho

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর  সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

আজকালের কন্ঠ ডেস্ক : ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসীমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। উগান্ডার কাম্পালায় অনুষ্ঠানরত জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের ১৯তম শীর্ষ সম্মেলনে শনিবার (২০ জানুয়ারি, স্থানীয় সময়) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রতি বঙ্গবন্ধুর অদম্য সমর্থনের কথা স্মরণ করেন। সেই ধারাবাহিতাকে এগিয়ে নিতে এবং দেশটির এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফিলিস্তিনের মন্ত্রী আল-মালিকিকে বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন ড. হাছান মাহমুদ। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের গভীর প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি সহায়তাসহ আরও মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্যরা।