
আজকালের কন্ঠ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ৯টি ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজান মিয়া (৩০) নামে একজন ট্রাকচালক নিখোঁজ রয়েছেন বলে তার বোন রোকেয়া বেগম দাবি করেছেন।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এসে তিনি তার ভাইয়ের খোঁজ করছেন।
নিখোঁজ মিজান মিয়া গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লাপাড়ার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে।
নিখোঁজ মিজানের বোন রোকেয়া বেগম জানান, তার ভাই মিজান ট্রাকচালক। রাতে মালামাল নিয়ে সে গোয়ালন্দ থেকে রওনা হয়। ফেরি ডুবে যাওয়ার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ কারণে দৌলতদিয়া ফেরিঘাটে তিনি এসেছেন ভাইকে খুঁজতে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, রোকেয়া বেগম নামে একজন তার ভাইয়ের সন্ধান পাচ্ছে না বলে আমাদের জানিয়েছেন। রোকেয়া বেগমের দাবি তার ভাই মিজান রজনীগন্ধা ফেরিতে ছিল। আমরা তার ভাইয়ের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছি।
আপনার মতামত লিখুন :