
আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামে ধানখেতে মিলেছে মো. আরিফ (১৬) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার নিমতলা এলাকার বড়বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশাচালক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ইছানগর মির্জাবাড়ী এলাকার সম্রাটের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় আরিফ। এরপর রাতে সে বাসায় ফিরেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ধানখেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জহির হোসেন গণমাধ্যমকে বলেন, আরিফ নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :