৫০ বছরের রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান | Daily AjKaler Kontho

৫০ বছরের রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৪, ১২:০২ অপরাহ্ন
৫০ বছরের রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন আঁতোয়ান গ্রিজম্যান। ক্যারিয়ারে ১৭৪তম গোল করে অ্যাথলেটিকোর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

সৌদি আরবের রিয়াদে নাটকীয় ম্যাচে ৩২ বছর বয়সী গ্রিজম্যানের গোলে ২-২ সমতা ফেরে অ্যাথলেতিকো। তবে অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত অ্যাথলেতিকোকে ৫-৩ গোলের বড় হারে বিদায় নিতে হয়েছে।

ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।

২০২২ সালে বার্সেলোনা থেকে আবারও গ্রিজম্যানকে ফিরিয়ে এনেছিল অ্যাথলেতিকো। দুই মেয়াদে দলটির হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন ফরাসি এই ফুটবলার। এর আগে, ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাথলেতিকোতে যোগ দিয়েছিলেন তিনি।

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন গ্রিজম্যান। ২০১৯ সালের ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। কিন্তু কাতালান ক্লাবটিতে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ২০২১ সালে আবারও ধারে অ্যাথলেতিকোতে ফিরে আসেন।

স্প্যানিশ রাজধানীতে ফিরে দিয়েগো সিমিওনের অধীনে নিজের সেরা ফর্ম খুঁজে পেয়েছেন তিনি। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাথলেতিকো তার চুক্তি স্থায়ী করে। এবারের মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে গ্রিজম্যান ২৭ ম্যাচে ১৭ গোল করেছেন।