বাজেট অনুমোদন দিলো মন্ত্রিসভা | Daily AjKaler Kontho

বাজেট অনুমোদন দিলো মন্ত্রিসভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১১, ২০২০, ৩:২৭ অপরাহ্ন
বাজেট অনুমোদন দিলো মন্ত্রিসভা

নভেল করোনাভাইরাসের মহামারিতে স্থবির হয়ে আছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী অর্থবছরের (২০২০-২১)। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করবেন। এরই মধ্যে সংসদে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় বাজেটের।

আজ বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বিশেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এরপর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করবেন।

আজ বিকেল সাড়ে ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন করবেন তিনি।

এই বাজেটে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা বিবেচনা করে বিশদ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি জানান, বাজেটে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষ এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারে জরুরি, স্বল্প ও দীর্ঘমেয়াদি সব ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেট করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষ এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে। এ বছর এক কঠিন সময়ে আমরা বাজেট উপস্থাপন করতে যাচ্ছি। তাই আগামী বাজেটের মূল উদ্দেশ্যই হচ্ছে- দেশের মানুষের জীবন রক্ষা করা এবং সচল রাখা।’

মন্ত্রী আরও জানান, আগামী বাজেটে জরুরি, স্বল্প ও দীর্ঘমেয়াদি সব ধরনের পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে, যাতে করে করোনায় যা ক্ষতি হয়েছে তা কমানো যায়। এ বাজেট দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।