নলছিটিতে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা | Daily AjKaler Kontho

 নলছিটিতে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
 নলছিটিতে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি জেলা প্রতিনিধি : নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ফুয়াদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী।

গতকাল ৭ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাতে নিহত ফুয়াদ মকবুল হোসেন কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফুয়াদ কাজীকে তার বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীর সাথে হানিফ মোল্লার বিরোধ চলে আসছিলো। ফুয়াদ কাজী জেসমিন কাজীর অনুসারী ছিল। কিন্তু গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেসমিন কাজীর সাথে ফুয়াদ কাজীর সাথে দূরত্ব সৃষ্টি হয়। এরপর হানিফ মোল্লার সাথে ফুয়াদ কাজীর সখ্যতা গড়ে ওঠে। ফুয়াদ কাজী বর্তমানে হানিফ মোল্লার অনুসারী ছিলো।

সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে যে যার বাড়ি চলে যায়। বিজয় মিছিলে ফুয়াদ শ্লোগান ধরেছিলো। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর পাই ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সাথে আমার তেমন একাটা খারাপ সম্পর্ক ছিলনা। পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করল।

এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে ঘটনা ঘটেছে জানা নেই। পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।