প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনের শাস্তি | Daily AjKaler Kontho

প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনের শাস্তি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন
প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনের শাস্তি

আজকালের কন্ঠ ডেস্ক : জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনকে শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সাতটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সাত কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জাল ভোট দেওয়া ১৫ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার আছেন। এ ছাড়া জাল ভোটদানকারীরাও আছেন। জাল ভোটে সহায়তা করার জন্য তাদের নানান মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।

ইসি সচিব বলেন, আমাদের দুইজন প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করার সময় মারা গেছেন। একজন শনিবার রাতে দায়িত্বপালনকালে হার্ট অ্যাটাকে মারা যান। আরেকজন জামালপুরে হার্ট অ্যাটাকে মারা যান। এ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাতে পারব।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।