অপচেষ্টা ছাপিয়ে উচ্ছ্বাসে পরিণত হয়েছে ভোট : হাছান মাহমুদ | Daily AjKaler Kontho

অপচেষ্টা ছাপিয়ে উচ্ছ্বাসে পরিণত হয়েছে ভোট : হাছান মাহমুদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন
অপচেষ্টা ছাপিয়ে উচ্ছ্বাসে পরিণত হয়েছে ভোট : হাছান মাহমুদ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভোটকে ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে বিএনপি-জামাত ম্লান করার চেষ্টা করেছে কিন্তু তাদের অপচেষ্টা ছাপিয়ে ভোট মানুষের উৎসাহ-উদ্দীপনা আর উচ্ছ্বাসে পরিণত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ভোটের এই উৎসব আজকে সারা বাংলাদেশে বয়ে যাচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার আমেজের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, অনেক জায়গায় সকাল ৮টার আগে থেকে মানুষ লাইন ধরেছিল। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এটি শুধু আমার নির্বাচনী এলাকায় নয়, সমগ্র দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।