গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩ | Daily AjKaler Kontho

গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩

আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। গরু চুরির বিষয়টি টের পেয়ে গরুর মালিক সহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠায়।

এর মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে গণুপিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় এখনও পায়নি পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।