কুড়িগ্রামে বন্ধুদের ধার দেওয়া টাকা তুলতে হালখাতা | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে বন্ধুদের ধার দেওয়া টাকা তুলতে হালখাতা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
কুড়িগ্রামে বন্ধুদের ধার দেওয়া টাকা তুলতে হালখাতা

আজকালের কন্ঠ ডেস্ক : গ্রাম বাংলার ঐতিহ্য হালখাতা। ১২ মাস বেচা কেনার পর বছর শেষে বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করে থাকে ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। এমনকি এই হালখাতায় এখন যুক্ত হয়েছে অনেক আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে নদীর ঘাট পর্যন্ত। প্রতিষ্ঠানের গ্রাহকদের হালখাতার চিঠি দিয়ে অনুষ্ঠানের দিন তারিখ জানিয়ে দেওয়া হয়।

এসব ছাড়িয়ে হালখাতায় এবার যুক্ত হয়েছে ব্যক্তিগত ধার দেওয়া টাকা উত্তোলন প্রক্রিয়া। হালখাতার মাধ্যমে ধারের টাকা তোলার এই নতুন ধারণার সৃষ্টি করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল। ইতিমধ্যে দেনাদারদের কাছে হালখাতার চিঠি পৌঁছে দিয়েছেন তিনি। আগামী ১২ জানুয়ারি হালখাতার অনুষ্ঠান হবে।

চিঠিতে তিনি দেনাদারদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এবং লিখেছেন ‘আপনাদের টাকা হাওলাত দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণ মুক্ত থাকুন।’

এই ঋণ পরিশোধের হালখাতায় ৩৫জন দেনাদারদের চিঠি দিয়েছেন ওই শিক্ষক। এসব মানুষের মধ্যে বেশিরভাগ ওই শিক্ষকের বন্ধু- বান্ধব, আত্মীয়স্বজনসহ কাছের মানুষ।

চিঠি পাওয়া কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, আমরা হালখাতার চিঠি পেয়ে প্রথমে হতভম্ব হলেও পরে বুঝতে পেরেছি ধারের টাকা ফেরত দিতে দেরি হয়েছে। আশা করছি হালখাতায় তার টাকা পরিষদ করে দিব।