পটিয়া থানার ওসি (তদন্ত) সোলাইমানকে প্রত্যাহার | Daily AjKaler Kontho

পটিয়া থানার ওসি (তদন্ত) সোলাইমানকে প্রত্যাহার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৪, ১:২২ অপরাহ্ন
পটিয়া থানার ওসি (তদন্ত) সোলাইমানকে প্রত্যাহার

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া-১২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে কাজ করছেন এমন পক্ষপাতিত্বের অভিযোগে পটিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমানকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারী) রাতে ইন্সপেক্টর সোলাইমানকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি বলেন, তিন দিন আগে ইন্সপেক্টর সোলাইমান সহ পটিয়া থানার আরো কয়েকজন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী সিইসিতে অভিযোগ দিয়েছেন। তাই মূলত তাদের এ অভিযোগের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে।

আমরা চাই কারও জন্য নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হোক। একজন প্রার্থী যেহেতু অভিযোগ করছে তাই মঙ্গলবার রাতে তাকে ক্লোজড করা হয়েছে। আমরা আবার সময়মতো তাকে অন্য কোথাও পদায়ন করব। তার আগে ঐ থানার ওসি নেজাম উদ্দিনসহ আরো এক উপ-পরিদর্শক ও একজন সহকারী উপ-পরিদর্শককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসিসহ ৯ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে আবেদন জানিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও একাদশ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষ হয়ে ওই পুলিশ কর্মকর্তারা হয়রানির করছে বলে অভিযোগ করেন তিনি।

গত ২৬ ডিসেম্বর মোতাহেরুল ইসলাম চৌধুরীর আবেদনটি ইসির প্রাপ্তি ও জারি শাখায় জমা দিয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জরুরিভিত্তিতে পটিয়া থানার ওসি (তদন্ত), উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) বদলি সংক্রান্ত আবেদনে তিনি উল্লেখ করেছেন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ সংসদ সদস্য প্রার্থী। আমার আসনের বর্তমান সংসদ সদস্য সামশুল হক মহান জাতীয় সংসদের হুইপ এবং বর্তমানে স্বতন্ত্র প্রার্থী। পটিয়া থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি স্থানীয় এমপির দূর সম্পর্কিত আত্মীয় নেজাম উদ্দিন চলে গেলেও বর্তমানে তার অনুগত এসআই ও এএসআই এখনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভূমিকা রাখছেন।

তারা হলেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোলাইমান, এসআই সনজয় ঘোষ, মো. আসাদুর রহমান, রতন কান্তি দে, আকরাম হোসেন সুমন, শিমুল চন্দ্ৰ দাস, জিয়া উদ্দিন, এএসআই মো. ফয়েজ আহমদ, এএসআই অনুপ কুমার। তারা স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন। পটিয়া থানা থেকে প্রত্যাহার হওয়া নেজাম উদ্দিনের কথা মত এসব অফিসাররা নৌকার সমর্থিত লোকজনকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমানকে পটিয়া থানা থেকে প্রত্যাহারের আদেশটি আসে। রাতেই তিনি থানা ছেড়ে জেলা পুলিশ লাইনে সংযুক্তিতে চলে গেছেন।