
আজকালের কন্ঠ ডেস্ক : কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন (সাইকেল প্রতীক) নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন। তিনি ওই আসনের জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন।
মো. রুহুল আমিন সোমবার (১ জানুয়ারি) সন্ধায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি এক ভিডিও বার্তায় তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রকাশ করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিও বার্তায় রুহুল আমিন বলেন, আমি হার্ট অ্যাটক করে গত শনিবার ভোর ৫টায় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নেতাকর্মীদের অনুরোধ করছি আপনারা জাতীয় পার্টির প্রার্থী সাইফুর রহমানের পক্ষে কাজ করবেন।
ব্রহ্মপুত্র নদ বেষ্টিত রৌমারী, রাজিবপুর ও চিলমারী এ তিন উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ আসন গঠিত। আর এ আসন থেকে জাতীয় পার্টির (জেপির) সাইকেল প্রতীক প্রার্থী হন সাবেক এমপি রুহুল আমিন। নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার, মাইকিংসহ তিনি প্রতীক বরাদ্দের পর থেকে অন্যান্য দলের প্রার্থীদের ন্যায় ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, এ আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী বিপ্লব হাসান পলাশ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৪ জন, জাতীয় পার্টির লাঙলের প্রার্থী এ কে এম সাইফুর রহমান বাবলুসহ আরও অন্যান্য দলের ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আপনার মতামত লিখুন :