ঢাকাসহ ৩ স্থানে আগুন | Daily AjKaler Kontho

ঢাকাসহ ৩ স্থানে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৪, ৬:১২ অপরাহ্ন
ঢাকাসহ ৩ স্থানে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুস ওড়ানোর ঘটনায় ঢাকাসহ তিন স্থানে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ও ফানুস উড়ানোর কারণে সারাদেশে তিনটি স্থান থেকে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তালহা বিন জসিম বলেন, তিনটি স্থান হলো- রাজধানীর ধানমন্ডি, কেরানীগঞ্জের জিনজিরা এবং জামালপুর সদর। আগুনের ঘটনায় দুটি দোকান ও একটি বাসাবাড়ি পুড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, রোববার (৩১ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান জানানো হয়।