গরিব লোকেরা দেশে বেশি পয়সা পাঠায় | Daily AjKaler Kontho

গরিব লোকেরা দেশে বেশি পয়সা পাঠায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ৫:২৫ অপরাহ্ন
গরিব লোকেরা দেশে বেশি পয়সা পাঠায়

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ নিয়ে আক্ষেপ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গরিব লোকেরাই (শ্রমিক) দেশে বেশি টাকা (রেমিট্যান্স) পাঠায়, যারা একটু শিক্ষিত তারা কম টাকা (রেমিট্যান্স) পাঠান।

শনিবার (৩০) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লোকেরা তাদের পরিবারের জন্য দেশে টাকা পাঠায়। সেই সুযোগে সরকার রেমিট্যান্স পায়। তবে রেমিট্যান্স খুব বেশি না। রেমিট্যান্সে পাঠানোর দিক দিয়ে আমরা সপ্তম। আমাদের চেয়ে অনেক অল্প সংখ্যক লোকের দেশ ফিলিপিন কিংবা মেক্সিকো অনেক রেমিট্যান্স পাঠায়, ভারত রেমিট্যান্সে সর্বোচ্চ।

প্রবাসীদের সেবা নিয়ে বিভিন্ন সময়ে উঠে আসা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রায়ই অভিযোগ করা হয় পাসপোর্ট দিতে দেরি করছে, অভিযোগ করা হয় এনআইডি তারা পান না। কিন্তু পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু তথ্য বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়।

প্রবাসে অবস্থানরত অনেক বাংলাদেশি দেশের বিরুদ্ধে কবানোয়াট তথ্য প্রচার করেন বলেও অভিযোগ করেন মোমেন। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা থাকায় দেশের উন্নয়ন হয়েছে। যেসব দেশে শান্তি ও স্থিতিশীলতা নেই, সেসব দেশ বড় কষ্টে আছে।