রেলপথে ২৪২ আনসার মোতায়েন | Daily AjKaler Kontho

রেলপথে ২৪২ আনসার মোতায়েন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ৭:০৮ অপরাহ্ন
রেলপথে ২৪২ আনসার মোতায়েন

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথের ৩১ পয়েন্টে ২৪২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আনসার কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী ।

তিনি জানান, কিছুদিন পূর্বে ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রেলপথের ট্রেন ও জনসাধারণের জানমাল স্বার্থে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আনসার, পুলিশ ও বিভিন্ন সংস্থার পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।