জামালপুরের সরিষাবাড়ীতে রেলে নাশকতার চেষ্টা | Daily AjKaler Kontho

জামালপুরের সরিষাবাড়ীতে রেলে নাশকতার চেষ্টা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
জামালপুরের সরিষাবাড়ীতে রেলে নাশকতার চেষ্টা

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে রেল লাইনের ফিক্সট প্লেট খুলে ফেলে ফের নাশকতার চেষ্টা করেছে বলে জানা যায়। গত রোববার গভীর রাতে বারইপটল শহীদনগর রেলওয়ে ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তারাকান্দি ষ্টেশন মাষ্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও রেল ষ্টেশন সূত্রে জানা গেছে, বোরবার গভীর রাতে বারইপটল শহীদনগর রেলওয়ে ষ্টেশনের প্রবেশ মুখের কাছাকাছি রেল লাইনের সংযোগ স্থানে ফিক্সট প্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে তা টহলরত আনসারদের চোখে পড়ে। আনসার সদস্যরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ওই ফিক্সট প্লেট লাগাতে প্রায় এক ঘন্টা সময় লাগে।

এ কারনে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ভূয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনটি তারাকান্দি রেলওয়ে ষ্টেশনে প্রায় দেড় ঘন্টা দাঁড় করিয়ে রাখতে হয়। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর মধ্য রাতে সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশনে যমুনা ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই আগুনে ৩টি বগি পুড়ে যায়।

এ ব্যাপারে তারাকান্দি ষ্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, বারইপটল শহীদনগর ষ্টেশনের কাছে রেল লাইনের খুলে ফেলা ফিক্সট প্লেটগুলো পুনরায় লাগাতে হয়েছে। এ কারনে ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনের প্রায় দেড় ঘন্টা বিলম্ব হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।