নড়াইল-১আসনে 'নৌকার' বিপরীতে লড়বেন 'লাঙ্গল' প্রতীক নিয়ে জাতীয় পার্টির মিল্টন মোল্যা | Daily AjKaler Kontho

নড়াইল-১আসনে ‘নৌকার’ বিপরীতে লড়বেন ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে জাতীয় পার্টির মিল্টন মোল্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ৫:৪২ অপরাহ্ন
নড়াইল-১আসনে ‘নৌকার’ বিপরীতে লড়বেন ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে জাতীয় পার্টির মিল্টন মোল্যা

নড়াইল প্রতিনিধিঃনড়াইল – ১ আসনে ‘নৌকার’ বিপরীতে লড়বেন ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যা।

মোঃ মিল্টন মোল্যা জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নড়াইল জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -১ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ১ আসন (কালিয়া ও নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির প্রতিদ্বন্দ্বী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের লড়াই করবেন জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী মিল্টন মোল্যা।

মিল্টন মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নড়াইল-১ আসনে জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি আমার পার্টির চেয়ারম্যানসহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আমার নির্বাচনী আসনে সাধারণ জনগণের পাশে থেকে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছি। এই এলাকার জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে, আমি এতটুকু বলতে পারি আমার নির্বাচনী আসন দেশের মধ্যে একটি ডিজিটাল এলাকায় পরিনত হবে। এই এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন। তিনি জয়ের ব্যপারে আশাবাদী।

অন্যদিকে, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী নড়াইল – ১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল), জাতীয় পার্টির মিল্টন মোল্যা (লাঙ্গল), জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন (বাইসাইকেল)।

জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ভোটার ২,৭৫,৪০৩ জন। এরমধ্যে ১,৩৯,০১০ পুরুষ এবং ১,৩৬,৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।