
আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ডোমার-চিলাহাটিতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাগডোকরা প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনাটি টের পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হন। পরে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াৎ হাবীব বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, লাইনের প্রায় ৭২টি ফিশপ্লেট খোলা হয়েছে। ডোমারের ওপরে দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। সরকারকে অবহিত করবো যেন রেললাইনে নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হন।
আপনার মতামত লিখুন :