চেইন খুললেই ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশন! | Daily AjKaler Kontho

চেইন খুললেই ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশন!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন
চেইন খুললেই ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশন!

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন নতুন নতুন করে কত কিছু আবিষ্কারের কথাই না শোনা যায়, যেমন স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ আরও কত কিছু। কিন্তু কখনো কি স্মার্ট প্যান্টের আবিষ্কারের কথা শুনেছেন? শুনতে অবাক লাগলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্মার্ট প্যান্টের কথা। যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে, স্মার্ট প্যান্টের চেইন খুললেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। অর্থাৎ, প্যান্টের সঙ্গে যদি কোনো ফোনের সংযোগ থাকে, তাহলে প্যান্টের চেইন খোলার সঙ্গে সঙ্গে সেই ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশন।

সম্প্রতি গাই ডুপন্ট নামের একজন ব্যবহারকারী টুইটারে এই স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্যান্টের চেইন খোলা মাত্রই ওই ব্যক্তি হাতে থাকা ফোনে একটি পুশ নোটিফিকেশন পান। যা মূলত একজন বন্ধুর জন্য তৈরি করেছেন তিনি।

টুইটে তিনি জানান, বন্ধুর অনুরোধে এই স্মার্ট প্যান্টগুলো তৈরি করেছেন তিনি। তার বন্ধু এমনই প্যান্ট চেয়েছিলেন, যার চেইন খোলামাত্র এর সময় জানতে পারবেন তিনি।

ডুপন্ট ইফেক্ট সেন্সরসহ এক জোড়া জিন্সের সঙ্গে কয়েকটি সুরক্ষা পিন সংযোগ করেছেন। আর চেইনের সঙ্গে কানেক্ট করেছেন একটি শক্তিশালী চুম্বক। এ প্রক্রিয়ায় কিছু তারেরও প্রয়োজন হয়েছে। যা ইএসপি-৩২ এর সঙ্গে সংযোগ করা হয়েছে।