
আজকালের কন্ঠ ডেস্ক : মানবিক কারণে রোহিঙ্গা যুবক মোহাম্মদ নুরকে (২১) মুরগির ফার্মে চাকরি দেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদ। কিন্তু সেই নুরই ফরিদের ছেলে মিনহাজকে ট্রেন দেখানোর কথা বলে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। তারপর মুঠোফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
গত রোববার রাতে কক্সবাজারের একটি রিসোর্ট থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে প্রাথমিক তদন্ত শেষে সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
অপহৃত আব্দুল্লাহ আল মিনহাজ (৭) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাগান পাড়া এলাকার মোহাম্মদ ফরিদুল আলমের ছেলে। গ্রেপ্তার মোহাম্মদ নুর উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ এর বাসিন্দা শাহ আলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানায়, গত ৮ ডিসেম্বর চুনতি এলাকার মুরগির ফার্ম থেকে সম্প্রতি চালু হওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন দেখার কথা বলে শিশু মিনহাজকে নিয়ে যায় রোহিঙ্গা যুবক নুর। মুঠোফোনে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অন্যথায় শিশুটিকে হত্যার হুমকি দেয়া হয়। দুই ধাপে পরিবারটি ৪০ হাজার টাকা পাঠায়। কিন্তু অপহরণকারী যুবক শিশুটিকে মুক্তি না দিলে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। এই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপরহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার নুরের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কোনো চক্র রয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :