
আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় একটি মাছধরার নৌকা ডুবে গেছে। এতে ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও মৃদুল চন্দ্র দাস (২৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মৃদুল নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরি বন্দু দাসের ছেলে।
জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, রাতে তারা জাল বসানোর জন্য নদীতে অবস্থান করছিলেন। এ সময় পশ্চিম দিক থেকে আসা বাল্কহেডটি তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা ৭ মাঝি মাল্লার মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। রাতের অন্ধকারে তাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজে জেলের খোঁজে সকাল থেকে স্বজনরা নদীতে তল্লাশি করছে। নৌ-পুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।
এ ব্যাপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা বলেন, নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌ-পুলিশের একটি টিম। নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাকে খুঁজতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ইতোমধ্যে ধাক্কা দেওয়া বাল্কহেডটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :