
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ না করতে পারে সেই লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে প্রত্যাহার করে তার স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এ চিঠিতে নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও দাবি করেছেন, মনোনয়নপত্রে স্বাক্ষর প্রদানকারীদের আওয়ামী লীগের লোকেরা তাকে হুমকি দিয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনও প্রতিকার পাননি তিনি। পরে তার ছেলে গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার চেয়ে আবেদন করেন।
আপনার মতামত লিখুন :