
আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার অন্যতম আসামি মো. ওমরকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মো. গোলাম মোর্শেদ। এর আগে, একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ওমর সদর উপজেলার এওজবালিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত মুকুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারকৃত ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। ভিকটিম মাদক কারবারে তাদের বাধা দেওয়ায় আসামিদের ক্ষোভ সৃষ্টি হয়। গত ১ অক্টোবর সকালে আসামি কামাল ভিকটিমকে প্রকাশ্য বাজারে মেরে ফেলার হুমকি দেন।
পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গত ১৭ নভেম্বর সকালে মুকুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আপনার মতামত লিখুন :