বগুড়া-৬ হলফনামায় নিজেকে ‘অশিক্ষিত’ বললেন প্রার্থী! | Daily AjKaler Kontho

বগুড়া-৬ হলফনামায় নিজেকে ‘অশিক্ষিত’ বললেন প্রার্থী!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ১২:২৪ অপরাহ্ন
বগুড়া-৬ হলফনামায় নিজেকে ‘অশিক্ষিত’ বললেন প্রার্থী!

আজকালের কন্ঠ ডেস্ক : এক সময় যুবলীগের রাজনীতি করলেও এবার বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহিদুল ইসলাম। বৈধতা পাওয়া এই প্রার্থী হলফনামায় নিজেকে ‘অশিক্ষিত’ ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন।

তবে বুধবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন, নিজেকে স্বশিক্ষিত বলতে চেয়েছিলেন কিন্তু উকিলের ভুলে হলফনামায় ‘অশিক্ষিত’ উল্লেখ হয়ে গেছে।

শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা শহিদুল ইসলামের পিতার নাম আব্দুল মতিন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) হয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শহিদুল ইসলাম উল্লেখ করেছেন, তার আয়ের একমাত্র উৎস কৃষি। এই খাত থেকে প্রতি বছরে চার লাখ টাকা আয় করেন। নগদ টাকা আছে দুই লাখ ৫০ হাজার টাকা। বৈদেশিক কোনো মুদ্রা নেই। তবে রয়েছে ৭০ হাজার টাকার গাড়ি, ৫ লাখ টাকার অলঙ্কার।

এনপিপির হয়ে দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী বলেন, ১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। পরে ব্যক্তিগত মাধ্যমে এনপিপির এক নেতার সঙ্গে যোগাযোগ হয়। সেই সূত্র ধরেই তিনি দলটি থেকে বগুড়া-৬ আসনে মনোনয়ন পান।