
আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, টিভি অনুষ্ঠান নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৭ ডিসেম্বর।
এ উপলক্ষে নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদ, ভূঞাপুর, ঘাটাইল ও গোপালপুর প্রেসক্লাব এবং তার পরিবার কর্মসূচি গ্রহণ করবে বলে নৃপেন বিশ্বাস স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজন বিশ্বাস নিশ্চিত করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে স্মরণ সভা, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও কৃর্তানুষ্ঠান।
নৃপেণ বিশ্বাস ২ ফ্রেব্রয়ারী ১৯৫৬ সালে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ননদনগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গোপাল বিশ্বাস, মা মালতী বিশ্বাস। তিনি ১৯৭৮ সালে টাঙ্গাইল থেকে প্রকাশিত পাক্ষিক ‘ঝংকার’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন।
ওই সময় তিনি ‘দৈনিক বাংলার বাণী’ ঘাটাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে ঢাকায় গিয়ে তিনি ‘তারকালোক’ ও ‘কিশোর তারকালোক’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এর পর পাক্ষিক তারকাবিচিত্রায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন।
১৯৯৫ সালে তিনি দৈনিক আজকের কাগজে স্টাফ রিপোর্টার নিযুক্ত হন। তিনি বেশ কিছু দিন বেসরকারি টিভি ‘এটিএন’ বাংলায় কাজ করেন। ১৯৯৮ সালে নৃপেণ বিশ্বাস বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, কাব্য, প্রবন্ধ রচনা ও টিভি অনুষ্ঠান নির্মাণ করেন।
আপনার মতামত লিখুন :