নভেম্বরে মাসে সড়কে ৪৭৫ জনের প্রাণ ঝরেছে | Daily AjKaler Kontho

নভেম্বরে মাসে সড়কে ৪৭৫ জনের প্রাণ ঝরেছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
নভেম্বরে মাসে সড়কে ৪৭৫ জনের প্রাণ ঝরেছে

আজকালের কন্ঠ ডেস্ক : চলতি বছরের নভেম্বরে সারাদেশে ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৩ জনের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, সড়ক ছাড়াও রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌ পথে ৬টি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথে মোট ৬০৩টি দুর্ঘটনায় ৫০৩ জন নিহত এবং ৬৩০ জন আহত হয়েছে।

নভেম্বরে সবচেয়ে বেশি ১৮৩টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম ২২টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে সিলেট বিভাগে।

সড়কে নিহতদের মধ্যে ১০৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ৫১ জন নারী, ৪৫ জন পথচারী, ৩৬ জন শিক্ষার্থী, ৩২ জন শিশু, ১৩ জন পরিবহন শ্রমিক, সাতজন রাজনৈতিক দলের নেতাকর্মী, চারজন পুলিশ সদস্য, দুইজন চিকিৎসক, দুইজন সাংবাদিক, একজন আইনজীবী, একজন মুক্তিযোদ্ধা, দুইজন প্রকৌশলী এবং তিনজন শিক্ষক রয়েছেন।

বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ উল্লেখ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সেগুলো মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- ট্রাফিক আইনের অপপ্রয়োগ ও দুর্বল প্রয়োগ, ট্রাফিক বিভাগের অনিয়ম দুর্নীতি ব্যাপক বৃদ্ধি, সড়কে বাতি না থাকা, রাতের বেলায় ফগ লাইটের অবাধ ব্যবহার এবং বর্ষায় সড়ক মহাসড়কের ছোট বড় গর্তের সৃষ্টি হওয়া।