বাসের ধাক্কায় পথচারী নিহত | Daily AjKaler Kontho

বাসের ধাক্কায় পথচারী নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন
বাসের ধাক্কায় পথচারী নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় মমিন উল্লাহ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছিলেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মমিন রাস্তা পার হওয়ার সময় বেপরোয়াভাবে আসা তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৯০২০) একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মমিন রাস্তার ওপর পড়ে যান। পথের লোকজন তাকে ডেলটা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিহত মমিন উল্লাহ লক্ষ্মীপুর সদর উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মিরপুরের শাহআলীবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।