গণপিটুনিতে চোরের মৃত্যু | Daily AjKaler Kontho

গণপিটুনিতে চোরের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ৫:৫০ অপরাহ্ন
গণপিটুনিতে চোরের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক চোর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই গ্রামের জালালের ছেলে রায়হান আরও কয়েকজনকে নিয়ে প্রবাসী ফারুকের বাড়িতে চুরি করতে যান। ছাদের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরে থাকা আলমারি ভেঙে মালামাল জড়ো করতে থাকেন তারা। বিষয়টি টের পেয়ে গৃহকর্তী ঘর থেকে বের হয়ে প্রধান গেইটে তালা লাগিয়ে দিয়ে চিৎকার করে লোক জড়ো করেন। স্থানীয়রা এলে অন্য চোররা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রায়হানকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ রায়হানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।