
আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরু ও মহিষ ভর্তি ট্রাক উল্টে এক চোর নিহত ও আরও দুই চোর আহত হয়েছে। ০৪ ডিসেম্বর (সোমবার) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এঘটনা ঘটে।
নিহত চোরের নাম হাবিবুর রহমান (৪৫)। সে জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হক এর ছেলে। আহত অন্য দুই সদস্য হলো, শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী বালিয়াচন্ডি এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।
স্থানীয়রা জানান, চোরাই গরু ও মহিষ নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি কাঠাল গাছে ধাক্কা দিয়ে একটি ঘরে ঢুকে উল্টে গেলে হাবিবুর রহমান (৪৫) নামে এক চোর ঘটনাস্থলেই মারা যায় ও আরও দুইজন আহত হয়। সাথে থাকা আরও ৮-১০ জন চোর পালিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চোর নিহত ও আরও দুইজন আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত চোরকে মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :