
আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি এলাকায় লাইলী বেগম (৫০) নামে এক চাতাল শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মেসার্স উজ্জ্বল চালকলের একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী। তার স্বামীও একই চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন। এই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে শামীম হোসেন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লাইলী বেগম ও শামীম হোসেন দম্পতি দীর্ঘদিন ধরে হাট চকগৌরি এলাকার মেসার্স উজ্জ্বল চালকলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তারা চাতালে শ্রমিকদের তৈরি করা ঘরেই বসবাস করতেন। শনিবার রাতে লাইলী ও তার স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওই নারী শ্রমিকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার স্বামী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :