গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল | Daily AjKaler Kontho

গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ৪:০১ অপরাহ্ন
গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল

আজকালের কন্ঠ ডেস্ক : গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক বাতিল করে দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ব্রিটেন এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক তরজা শুরু হয়েছে। গ্রিস অভিযোগ করেছে, পার্থেনন মার্বেল নিয়ে আলোচনা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে লন্ডনে এই দুই নেতার বৈঠকে বসার কথা ছিল।

গ্রিসের প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন, বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই বৈঠক বাতিল করে দিয়েছেন। এর ফলে আমি অত্যন্ত অসন্তুষ্ট, এই কথাটাই জানাতে চাই।

মিৎসোতাকিসকে বলা হয়েছিল, তিনি সুনাকের বদলে ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী অলিভার ডাওডেনের সঙ্গে বৈঠক করতে পারেন। কিন্তু সেই প্রস্তাব গ্রিসের প্রধানমন্ত্রী খারিজ করে দিয়েছেন।

সুনাকের অফিস জানিয়েছে, গ্রিসের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটোতে আমরা একসঙ্গে কাজ করি। আমরা অভিবাসন, মধ্যপ্রাচ্যের সমস্যা, ইউক্রেন সমস্যার সমাধানেও একসঙ্গে কাজ করছি।

সুনাকের অফিসের বিবৃতিতে কোথাও পার্থেনন প্রসঙ্গ নেই। বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী এই বিষয়গুলি নিয়ে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারতেন।

গত মার্চে সুনাক জানিয়ে দেন, যুক্তরাজ্য তার আইন পরিবর্তন করবে না। তার অর্থ হলো, পার্থেনন মার্বেল গ্রিসে পাঠানো যাবে না।