সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ১:৪৯ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আজকালের কন্ঠ ডেস্ক : ফুলগাজীতে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

শনিবার সকাল ৯টার দিকে ফুলগাজী-ছাগলনাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা নিকট আত্বীয়ের মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যদের নিয়ে আমজাদ হাটের দিকে যাচ্ছিলেন।

নিহতরা হলেন- সিএনজি চালক সাইফুল ইসলাম (২২) ও আনাস (৮ মাস বয়সী শিশু)। আহতরা হলেন- একরামুল হক, তার স্ত্রী শারমিন আক্তার ও ছেলে আছিম হক।

শনিবার সকাল ৯টার দিকে আমজাদ হাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা একরামুল হক পরিবার নিয়ে নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের বাইপাস সড়কে শনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফুলগাজী থানার উপ পরিদর্শক(এসআই) ওমর ফারুক জানান, পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আনাস ও চালক সাইফুলকে মৃত ঘোষণা করেন।