অবরোধে ৬টি বাসে আগুন | Daily AjKaler Kontho

অবরোধে ৬টি বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ন
অবরোধে ৬টি বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার অবরোধে ৬টি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

এদিকে, পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পরদিন থেকে ২২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৩৭৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৯০টি যানবাহন ও ১৭টি স্থাপনা রয়েছে। এ ছাড়া একই সময়ে ২৭৫টি যানবাহন ও ২৪টি স্থাপনাসহ ৩১০টি ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৪৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেয় দলটি।