
আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে আবদুল খালেক মিয়া নামের এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে ৬ গরু মারা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন জানান।
বুধবার দিবাগত রাত ১টার সময় উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক খালেক মিয়া ওই গ্রামের মৃত বাজন আলীর ছেলে।
খালেক মিয়া জানান, রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়েছিলাম। ওই গোয়ালঘরে দুই গাভী, তিনটি বকনা, এবং একটি ষাড় গরুসহ ৬ টি গরু রাখা ছিল। আনুমানিক রাত ১টার দিকে গোয়ালঘরে আগুন লাগে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু মুহূর্তেই গোয়ালঘরে থাকা ৬ গরু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, কৃষক খালেকের ৬টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। সে এখন নিঃস্ব হয়ে গেল। সরকারের পক্ষ থেকে তাকে সহায়তা দাবি জানান তিনি।
আপনার মতামত লিখুন :