
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকা থেকে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) রবিউল ইসলাম শামীম এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনুপ রায়, এসএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই আশরাফ আলীসহ পুলিশের একটি টিম উপজেলা গুড়গুড়িয়া ডুঙ্গার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রাইভেটকার তল্লাশি করে দু’টি বস্তা ভর্তি ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং প্রাইভেট কারে থাকা তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার চারু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই জেলার কসবার বাড়িখোলা এলাকার সিরাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮), এবং একই উপজেলার বায়েক এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে রাহিন মোল্লা (২০)।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাঁজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন পুলিশ।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, গ্রেফতার হওয়া ওই মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :