মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব | Daily AjKaler Kontho

মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন
মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। উক্ত নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে মনোনয়ন ফরম জমা দেন সাকিব। ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ তিন আসনেই ফরম জমা দেন তিনি।

গত ১৮ নভেম্বর সাকিবের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাকিব এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে লড়াই করে নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সেই বছরই নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল সাকিবের।

যদিও বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। গ্রুপ পর্বের ৯ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। যদিও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে টাইগাররা।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার চতুর্থ ও শেষ দিন আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এই কার্যক্রম, শেষ হয় বিকাল ৪টায়। এদিন ফরম কেনার চেয়ে জমা দিতে মনোনয়নপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফরম বিক্রি শেষ হলে মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।