ঢাকা-উত্তরবঙ্গ সঙ্গে ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু | Daily AjKaler Kontho

ঢাকা-উত্তরবঙ্গ সঙ্গে ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন
ঢাকা-উত্তরবঙ্গ সঙ্গে ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-উত্তরবঙ্গ রেল লাইনে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনের পাশে বেতর নামক স্থানে লাইনচ্যুত হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের বগিটি দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার ও মেরামত করা হয়। পরে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে রিলিফ উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ সম্পন্ন করে। পরে আড়াইটার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় থেকে ঢাকা ও উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব(ইব্রাহিমাবাদ) রেল স্টেশনের ইনচার্জ(বুকিং) রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনটি ভোর ৪টা ৫৭মিনিটের দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের আওতাধীন সদর উপজেলার গালা ইউনিয়নের বেতর নামক স্থানে পৌঁছলে ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যূত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে রেলের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। ট্রেনের বগি উদ্ধার ও মেরামতের পর দুপুর আড়াইটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।