ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় পুকুরে প্রাইভেটকার | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় পুকুরে প্রাইভেটকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ৬:০০ অপরাহ্ন
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় পুকুরে প্রাইভেটকার

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার পুকুরে পড়ে গেছে। এই ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি বৃহস্পতিবার শ্যামগঞ্জ স্টেশন থেকে যাত্রাবিরতি দিয়ে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আসছিল। পথে ট্রেনটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে।

এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে প্রাইভেটকার থেকে চালককে বের করেন।